মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়। পরে উপজেলা হলরুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করেন প্রধান অতিথি। একই সঙ্গে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারাসহ বিভিন্ন কৃষি উপকরণও দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন।
এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মতিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, হাবিবুল্লাহ নোমানী, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব মো. আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন বলেন, সরকারি প্রত্যেকটা অনুদান সঠিকভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে এসএ জিন্নাহ কবির বলেন, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে এবং অচিরেই স্থায়ী বাঁধ নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
জেএইচআর