ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ও দুটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
শনিবার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে আলীনগর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২০১৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় জঙ্গলের মধ্যে অবস্থান নেয়। এই সময় ৭-৮ জন ব্যক্তি ভারত থেকে দুটি বাইসাইকেলে করে চটের বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাঁদের ধাওয়া করে।
বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারিরা বস্তা ও বাইসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে কার্টনের ভেতরে কসটেপ দিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি পুরোনো বাইসাইকেল জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, জব্দ করা মোবাইল ফোনের ডিসপ্লে ও বাইসাইকেলসহ মোট জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর