পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রাঙ্গামাটি সদর জোন

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৭:২৫ পিএম

সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট পাহাড় ধস এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাঙ্গামাটি সদর জোন। 

শনিবার সকালে রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি রাঙ্গামাটি সদর উপজেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্র, সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্র এবং কাউখালী উপজেলার আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন ও ভুক্তভোগী মানুষের খোঁজখবর নেন।

তিনি এই তিনটি আশ্রয় কেন্দ্রের ৮০টি পরিবারের ২০৪ জন সদস্যের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এই সময় মানিকছড়ি আর্মি ক্যাম্প ও ঘাগড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ এবং সাপছড়ি ইউনিয়ন পরিষদ ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলমান দুর্যোগ পরিস্থিতিতে রাঙ্গামাটি সদর জোন কর্তৃক ক্ষতিগ্রস্ত জনগণকে উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

জেএইচআর