কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী গ্রামীণ নারী-পুরুষ

ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০২:০৬ পিএম

দেশীয় প্রজাতির মাছ চাষে গ্রামীণ নারী-পুরুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ। সংস্থাটির উদ্যোগে কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিলুপ্তপ্রায় পুষ্টিসম্পন্ন দেশীয় মাছ মলা, পুঁটি, ভেটকি ও অন্যান্য প্রজাতির মাছ চাষে ৬৪টি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে।

এসব প্রদর্শনীর মাধ্যমে মাছ চাষিদের চুন, মাছের রেণু, ঝাঁকি জাল, ব্লু নেট, রাসায়নিক সার, অক্সিজেন মেশিন, মাছের খাবারসহ বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এতে গ্রামীণ নারী ও পুরুষরা মাছ চাষের মাধ্যমে আয় বাড়ানোর পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ করতে পারছেন।

জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে মৎস্য খাতে মোট ৭৪টি কার্যক্রমের মধ্যে ৬৪টি প্রদর্শনী বাস্তবায়ন করেছে হীড বাংলাদেশের এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট। এর মধ্যে ১০টি মাছের পোনা চাষ, পোনা পরিবহনের জন্য একটি অক্সিজেনযুক্ত ভ্যান এবং দ্রুত বর্ধনশীল জি-৩ রুই মাছের পাঁচটি প্রদর্শনী রয়েছে।

এসব কার্যক্রমে চুন, মাছের রেণু, ঝাঁকি জাল, সাইনবোর্ড, ব্লু নেট, রাসায়নিক সার, রেকর্ড বুক, অক্সিজেন মেশিন, ড্রাম, ভ্যান, ব্যাটারি ও বাকেট নেটসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।

এ ছাড়া মাছের আঁশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের জন্য তিনজন উদ্যোক্তা তৈরি করা হয়েছে। তাদের মাছের আঁশ ক্রয়ের জন্য নগদ অর্থ, দা, বটি, প্লাস্টিক কন্টেইনার, পাটাতন, গ্লাভস ও মশারিসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

সংস্থাটির উদ্যোগে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ চাষে পাঁচটি, বড় মাছ উৎপাদনে ১২টি, ভাসমান খাঁচায় মাছ চাষে পাঁচটি, মলা মাছের ব্রুড ব্যাংকে পাঁচটি এবং দেশীয় মাছ চাষে ১০টি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রদর্শনীতে মলা, পুঁটি, রুই, তেলাপিয়া ও ভেটকিসহ বিভিন্ন মাছের পোনা ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।

এ ছাড়া মৎস্য খামার যান্ত্রিকীকরণে একটি, ফিস ফিড উদ্যোক্তা তৈরিতে একটি এবং ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের মাধ্যমে মাছের খাবার তৈরিতে দুটি প্রদর্শনী করা হয়েছে। এসব কার্যক্রমে তিনটি ব্যাচে মোট ৬০ জন সদস্যকে প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।

সুফলভোগী কচিরা রানী, শিল্পী রানী ও রমিন সরকার বলেন, হীড বাংলাদেশ আমাদের দেশীয় মাছ চাষের প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ দিয়েছে। বর্তমানে মাছের খামার করে নিজেদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাজারে মাছ বিক্রি করে লাভবান হচ্ছি।

হীড বাংলাদেশের পাখিমারা শাখার মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে কলাপাড়া উপজেলায় হীড বাংলাদেশের এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। মোট ৭৪টি কার্যক্রমের মধ্যে ৬৪টি প্রদর্শনী মৎস্য চাষিদের জীবিকার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও বাজেট অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এম জি