যশোরের চৌগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১২ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে চৌগাছা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনিব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন পরিবার পরিকল্পনা বিভাগের ইপিআই কর্মসূচির মমিনুর রহমান। স্বাগত বক্তব্য দেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তন্নী বিশ্বাস।
এ সময় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. বজলুর রশিদ, প্রেসক্লাব চৌগাছার সাংবাদিক এম এ মান্নানসহ অনেকে।
অনুষ্ঠানে তরিকুল ইসলাম, গোলাম মোস্তফাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মী, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন, পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ, সচেতন ও পরিকল্পিত পরিবার গড়ে তোলার মাধ্যমে উন্নত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
অনুষ্ঠানের একপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় খুলনা বিভাগের শ্রেষ্ঠ হিসেবে নাসিমা বেগম ও কোহিনুর বেগমকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিশেষ অবদানের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. বজলুর রশিদকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
পরে জাতীয় জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এম জি