সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা। মঙ্গলবার দুপুরে বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এই আহ্বান জানান।
ত্রাণ বিতরণকালে এমপি মাধবী মারমা বলেন, ভয়াবহ বন্যায় অনেক পরিবার তাদের ঘরবাড়ি, ফসল ও জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। সরকার থেকে যে ত্রাণ বরাদ্দ দেওয়া হচ্ছে, তা সবার মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ না পেয়ে থাকলে তা জানানোর অনুরোধ করেন তিনি। দুর্গম এলাকা হলেও নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দেন এই সংসদ সদস্য।
তিনি আরও উল্লেখ করেন, এটি একটি বড় দুর্যোগ এবং এই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে সবার এগিয়ে আসা উচিত। যার যার সামর্থ্য অনুযায়ী খাদ্য, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ ও পোশাক নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।
এদিন বন্যাকবলিত তংফ্রু মারমা পাড়া, বরিশাল পাড়া ও উজানী পাড়াসহ বিভিন্ন এলাকার প্রায় ১৭০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্যক্তিগতভাবে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।
জেএইচআর