নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে থানার সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে নিহতের স্বজন, বন্ধু ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ও এলাকাবাসী কর্মসূচি শেষ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত সিয়ামের মা লাকী আক্তার, মামা রাজিব ও বন্ধু জিসানসহ অন্যরা। বক্তারা বলেন, প্রধান আসামি গ্রেপ্তার হলেও মামলার অন্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। কোনো আসামি যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।
এদিকে এ মামলার প্রধান আসামি মতিনকে গতকাল সোমবার বিকেলে নরসিংদীর পাঁচদোনা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-১১। পরে তাঁকে আড়াইহাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত শনিবার রাতে এজাহারভুক্ত ৭ নম্বর আসামি হিরনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছিল র্যাব।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, এ মামলায় এখন পর্যন্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেএইচআর