বান্দরবান সদর উপজেলার বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার গোপা বিশ্বাস, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং বান্দরবান সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলমগীর চৌধুরী সুমন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাধবী মারমা এমপি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও মানবিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বন্যায় তাদের ঘরবাড়ি ও জীবিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সহায়তা তাদের সংকটময় সময়ে অনেক উপকারে আসবে।
উল্লেখ্য, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে তংপ্রু পাড়াসহ আশপাশের এলাকায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং জরুরি ত্রাণ সহায়তার প্রয়োজন দেখা দেয়।
এএন