কৈখালীতে নিলাম হওয়া ভবন ভাঙার সময় ছাদ ধসে ৪ শ্রমিক আহত

আশিকুজ্জামান লিমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১২:৫৯ পিএম

শ্যামনগর উপজেলার কৈখালীতে নিলাম হওয়া একটি ভবন ভাঙার সময় ছাদ ধসে ৪ শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে ৭২ নম্বর পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবন ভাঙার সময় হঠাৎ ছাদ ধসে পড়ে।

স্থানীয়দের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে।

বিদ্যালয়ের সভাপতি কালাম উল্লাহ জানান, ঠিকাদারের ৬ জন শ্রমিকের মধ্যে ১ জন রান্না করছিলেন, বাকি ৫ জন ভবন ভাঙার কাজ করছিলেন। এ সময় ছাদ ধসে ৪ জন শ্রমিক আহত হন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ২০০৬ সালে ৭২ নম্বর পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করা হয়। ২০২৩ সালে ভবনটি বেহাল অবস্থায় পৌঁছালে কর্তৃপক্ষ সেটিকে পরিত্যক্ত ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয়ের মাধ্যমে ভবনটি নিলামে তোলা হয়। গত ২৫ জুন ২০২৬ তারিখে পরিত্যক্ত ভবনটি ঠিকাদার সামছুর দোহা টুটুল নিলামে গ্রহণ করেন।

এএন