খুলনায় জাতীয় বিদ্যুৎ স্থাপনায় আগুন, আনসারের তৎপরতায় স্বস্তি

খুলনা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০১:০২ পিএম

খুলনার বটিয়াঘাটা উপজেলার ১৩২/১৩৩ কেভি হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তাদের দ্রুত ও সমন্বিত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো এবং আশপাশের স্থাপনা সম্ভাব্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

বুধবার সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মিন্টু হোসেন ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত গার্ড কমান্ডার (পিসি) মো. বাবুল আক্তারকে বিষয়টি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পিসি বাবুল আক্তারের নেতৃত্বে দায়িত্বরত আনসার সদস্যরা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও আনসার সদস্যরা সমন্বিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করেন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তাদের দ্রুত পদক্ষেপ এবং ফায়ার এক্সটিংগুইশারের কার্যকর ব্যবহারের ফলে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়।

এ ঘটনায় ট্রান্সফরমারের পাশের অন্যান্য স্থাপনা ও গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো নিরাপদ থাকে। এছাড়া কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে আগুন নিয়ন্ত্রণে আনসার সদস্যদের তাৎক্ষণিক, সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং তাদের ধন্যবাদ জানান।

সংশ্লিষ্টরা বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে। তাদের সময়োপযোগী পদক্ষেপ সম্ভাব্য প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধের পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এএন