জুলাই শহীদ দিবসে হাবিপ্রবিতে র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি ও দোয়া

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৪:০৫ পিএম

যথাযোগ্য মর্যাদায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যার নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যা। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান।

এরপর জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল হাবিপ্রবি শাখার নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, লাইব্রেরিয়ান, হল সুপার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ নূর হোসেন হলের হল সুপার অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান হাফিজ।

এ ছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এম জি