রাজস্থলীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

মো. সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৫:৩৩ পিএম
রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা তুলে দিচ্ছেন ক্যাম্প অধিনায়ক মেজর মো. হাফিজ।

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্প এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি-এর দিকনির্দেশনায় পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জোনের দায়িত্বপূর্ণ ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হয়। এ সময় রাজস্থলী সাবজোনের অধিনায়ক মেজর মো. হাফিজ এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী, শুকনো খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

উক্ত কার্যক্রমের মাধ্যমে সর্বমোট ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তা গ্রহণ করেছেন। দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবজোনের জেসিও মিজানুর রহমান, সার্জন হুমায়ন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাবেক ভাইস চেয়ারম্যান অনুচিং মারমা, উদয় মেম্বারসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর বরাতে জানা যায়।

এএন