কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস ছাত্তার, মো. এরফান উদ্দিন মাস্টার ও এমদাদুল হক মাসুদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, পৌর জামায়াতের আমির মাওলানা নাজমুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, তাঁতীদলের সভাপতি মোস্তফা কামাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছিল। এ আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক কৃতিত্ব ছিল না; শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তাই জুলাইয়ের আত্মত্যাগ ও স্মৃতিকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, অতীতে যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ছিলেন, দেশের স্বার্থেও সেই ঐক্য ভবিষ্যতেও বজায় রাখতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জুলাই শহীদ সিফত উল্লাহর বাবা হাফেজ মাওলানা নূরুজ্জামান।
এম জি