চট্টগ্রামের মিরসরাইয়ে জনসাধারণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে জেলা ট্রাফিক পুলিশ। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল (পিপিএম বার), চট্টগ্রাম জেলা ট্রাফিক ইন্সপেক্টর রফিক আহমেদ মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর (জোরারগঞ্জ জোন) মাহবুবুর রহমান, সার্জেন্ট মারুফ, এটিএসআই তারেকসহ ট্রাফিক পুলিশের সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল (পিপিএম বার) বলেন, গাড়িচালক ও পথচারীদের সচেতন করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) এর নির্দেশনা অনুযায়ী লিফলেট বিতরণ করা হচ্ছে। এসব লিফলেটে গাড়ি চালানোর নিয়ম, ট্রাফিক নির্দেশনা এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সার্ভিস লাইনে অবৈধভাবে পার্কিং করা গাড়ি সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে নির্ধারিত স্থানের বাইরে গাড়ি রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম জি