সরকার দেশের সব কৃষকের হাতে পর্যায়ক্রমে কৃষি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা ব্লকের ৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাবাগীশ গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসুসহ উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি বিভিন্ন কৃষি সহায়তা, প্রণোদনা ও সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। ধাপে ধাপে প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নে তিনটি করে ব্লক রয়েছে। প্রতিটি ব্লকে পূর্বের কৃষকসহ নতুন কৃষকদের অন্তর্ভুক্ত করে প্রায় ৩ হাজার ৪৫০ জন কৃষকের কৃষি কার্ড প্রস্তুত করা হবে। পর্যায়ক্রমে উপজেলার সব কৃষককে এ কার্যক্রমের আওতায় আনা হবে।
এম জি