প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই সময়ে সাংবাদিকদেরও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। তবে এআই থেকে পাওয়া প্রতিটি তথ্য প্রকাশের আগে অবশ্যই নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করতে হবে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) তত্ত্বাবধানে এবং পিআইবির আয়োজনে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন তিনি।
ফারুক ওয়াসিফ বলেন, বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের জন্য প্রতিটি তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই অপরিহার্য। ভুয়া তথ্য ও গুজব মোকাবিলায় সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি পেশাগত নৈতিকতাও আরও সমৃদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের পেশাগত সক্ষমতা বাড়াতে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ, কল্যাণমূলক কর্মসূচি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সাংবাদিকরা আরও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের জন্য সাংবাদিকদের নিয়মিত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। ফ্যাক্ট চেকিং এখন সময়ের অপরিহার্য দক্ষতা, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতায় দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে অর্জিত জ্ঞান দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক রাজশাহীর সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন বলেন, এআই সাংবাদিকের বিকল্প নয়, বরং তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ ও সংবাদ প্রস্তুতিতে এটি কার্যকর সহায়ক প্রযুক্তি। তবে এআই থেকে পাওয়া তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করেই সংবাদ প্রকাশ করতে হবে।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, দায়িত্বশীল ব্যবহার, কার্যকর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সংবাদ লেখা, তথ্য বিশ্লেষণ, অনুবাদ, সারসংক্ষেপ তৈরি এবং অনুসন্ধানী প্রতিবেদনে এআই ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া ছবি ও ভিডিও যাচাই, রিভার্স ইমেজ সার্চ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি), মেটাডেটা বিশ্লেষণ, জিওলোকেশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য শনাক্ত ও যাচাইয়ের আধুনিক কৌশল শেখানো হয়। পাশাপাশি সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা, কপিরাইট, তথ্যের গোপনীয়তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এএন