দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর মোল্লাপাড়া এলাকায় পিতার সাবলের আঘাতে এক মাদরাসাছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পিতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ১০ নম্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান (১৩) স্থানীয় আজিজিয়া দাখিল মাদরাসার ছাত্র। তিনি শরিফুল ইসলামের ছেলে।
প্রাথমিকভাবে জানা যায়, নিজ বাড়ির মাটির ঘরের দরজা লাগানোকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাগের মাথায় সাবল দিয়ে আঘাত করলে নুরুজ্জামান গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিহতের পিতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
এএন