ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঐতিহ্যবাহী জলিলপুর আলিম মাদরাসায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও অধ্যক্ষ মো. আবদুল হাইয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হাসি-আনন্দ ও স্মৃতিচারণের মধ্যেও প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে বারবার অশ্রুসিক্ত হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।
শনিবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হলেও বিদায়ের মুহূর্তে তা পরিণত হয় ভালোবাসা ও আবেগের এক অনন্য মিলনমেলায়।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জলিলপুর আলিম মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুদ্দাসির রহমান সাদ। পরে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন মানপত্র পাঠ করেন মোহাব্বত ফয়সাল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক সুলতান আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ ছাব্দার হোসাইন, নাটিমা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল জব্বার, পৌর বিএনপির সহসভাপতি আশিক আহম্মেদ সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ, সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, সমাজসেবক শেখ শাহাজান আলী, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সারোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, অধ্যক্ষ আবদুল হাই শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। তাঁর সততা, শৃঙ্খলা, স্নেহ ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি হাজারো শিক্ষার্থীর জীবন আলোকিত করেছেন।
প্রধান অতিথি অধ্যাপক মতিয়ার রহমান বলেন, একজন আদর্শ শিক্ষক কখনো অবসরে যান না। তিনি তাঁর শিক্ষার্থীদের আদর্শ ও কর্মে আজীবন বেঁচে থাকেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন অধ্যক্ষ আবদুল হাইয়ের দীর্ঘ কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও শান্তিময় অবসর জীবন কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে অধ্যক্ষ মো. আবদুল হাইকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও মানপত্র প্রদান করা হয়। বিদায়ের ক্ষণে প্রিয় শিক্ষককে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অশ্রুসিক্ত ভালোবাসা অনুষ্ঠানে উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁকে সম্মান জানান উপস্থিত সবাই।
এএন