ঝালকাঠি প্রেসক্লাবের হীরক জয়ন্তী উদযাপন কমিটি গঠন

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১২:২৮ এএম

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ঝালকাঠি প্রেসক্লাবের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে আহ্বায়ক কমিটি ও ১৩টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় হীরক জয়ন্তী উদযাপনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এতে জাহাঙ্গীর হোসেন মনজুকে আহ্বায়ক, চিত্তরঞ্জন দত্ত, মু. আব্দুর রশিদ ও এস. এম. রহমান কাজলকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আক্কাস সিকদারকে সদস্য সচিব করে ৪৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় হীরক জয়ন্তী উদযাপনের সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠানকে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৩টি উপ-কমিটি গঠন করা হয়।

গঠিত উপ-কমিটিগুলোর আহ্বায়করা হলেন- অর্থে মো. জিয়াউল হাসান পলাশ, প্রকাশনায় মাহমুদুর রহমান পারভেজ, বিজ্ঞাপন সংগ্রহে শফিউল আজম টুটুল, সংস্কৃৃতিতে মল্লিক মু. নাছির উদ্দিন কবির, সাজ সজ্জায় অলোক সাহা, অভ্যর্থনায় দুলাল সাহা, আপ্যায়নে মন্নান তাওহীদ, প্রচারে মিজানুর রহমান টিটু, ক্রীড়ায় জহিরুল ইসলাম জলিল, ক্রয়ে মো. রাজু খান, শৃঙ্খলা ও নিরাপত্তায় মাসউদুল আলম, তথ্য ও যোগাযোগে মানিক রায় এবং মঞ্চ ব্যবস্থাপনায় কে এম সবুজ। এছাড়া প্রেসক্লাবের সদস্যদের বিভিন্ন উদযাপন উপ-কমিটির সদস্য রাখা হয়েছে।

সভায় বক্তারা বলেন, ঝালকাঠি প্রেসক্লাবের ৬০ বছরের গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে হীরক জয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।

আগামী সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের শনিবার হীরক জয়ন্তী উৎসবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

জেএইচআর