শ্রীপুরে সাত শতাধিক শিক্ষার্থী পেল গাছের চারা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০১:২৮ পিএম

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালায় আলহাজ ধনাই বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬’ উপলক্ষে সাত শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আলহাজ ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ ধনাই বেপারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী।

আলোচনা শেষে বিদ্যালয়ের সাত শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আলহাজ ধনাই বেপারী ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এএন