ভেড়ামারায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস শাখার উদ্বোধন

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০১:৪১ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় ডিজিটাল ও স্মার্ট আর্থিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ভেড়ামারা শাখাকে আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস শাখা হিসেবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ভেড়ামারা মধ্যবাজারে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি ভেড়ামারা শাখার আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মো. ইমরান আরাফাত। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ভেড়ামারা শাখার ব্যবস্থাপক আব্দুল হামিদ। এ সময় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইমরান আরাফাত বলেন, “আজকের এই আয়োজন ভবিষ্যতের একটি আধুনিক, স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশকে বরণ করে নেওয়ার প্রয়াস। এটি শুধু একটি স্লোগান নয়, বরং একটি স্বচ্ছ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক ব্যবস্থার অঙ্গীকার। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ব্যাংকিংয়ের দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির নতুন অধ্যায় যুক্ত করছি।”

তিনি আরও বলেন, “আমরা চাই ভেড়ামারার প্রতিটি দোকান, প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান, প্রতিটি ক্ষুদ্র উদ্যোক্তা এবং প্রতিটি গ্রাহক ‘বাংলা কিউআর (Bangla QR)’ ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হয়ে উঠুক। এতে লেনদেন হবে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম পরিদর্শন করেন এবং ভেড়ামারায় ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে পূবালী ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করেন।

এএন