মেহেরপুরে ট্রাকের সাথে সংঘর্ষ এড়াতে বাস উল্টে খাদে, আহত ১৫

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:৫৬ পিএম

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ইউ-টার্ন নেওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মহাসড়কের ওয়াপদা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকা থেকে ১৫-২০ জন যাত্রী নিয়ে 'বিসমিল্লাহ পরিবহন' নামের একটি বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। গাড়িটি ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করে।

এ সময় ট্রাকটির সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতে বাসচালক গাড়িটি রাস্তার বামে চেপে নেওয়ার চেষ্টা করেন। তখনই আকস্মিকভাবে একটি ইজিবাইক বাসের সামনে চলে আসে। ইজিবাইকটিকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের নরম মাটিতে বাসের চাকা নেমে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের জানালা-দরজা ভেঙে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার খবর পেয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হলেও এখন পর্যন্ত কোনো নিহতের খবর নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের যৌথ প্রচেষ্টায় বাসটি খাদ থেকে টেনে তোলার কাজ চলছিল।

জেএইচআর