চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, জেলা পরিষদ সবসময় শিক্ষাবান্ধব কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে আসছে। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো পরিষদের দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই জাতির কর্ণধার। এই বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনার খরচ জোগানোর পাশাপাশি শিক্ষা জীবনে উৎসাহ দেবে।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা পরিষদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের প্রেরণা জোগাবে।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম সাইফুর রশীদ বলেন, শিক্ষায় বিনিয়োগই সবচেয়ে বড় বিনিয়োগ। আজ যারা শিক্ষাবৃত্তি পাচ্ছে, তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী আরাফাত ইসলাম, নাজিফা আনজুম মুনিয়া, বিপ্লব হোসেন ও অভিভাবক টোকন আলী।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, চারটি ক্যাটাগরিতে মোট ২৯২ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে সর্বমোট ১৮ লাখ ২৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ৭ লাখ ২৮ হাজার টাকা, মেডিকেলের ২২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা এবং প্রকৌশল বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে মোট ১ লাখ ২৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
জেএইচআর