রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৬:১৭ পিএম

রাজশাহী নগরীর নতুন বিল শিমলা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে রাস্তার নির্ধারিত জায়গা না রেখে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট। মঙ্গলবার দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় তাঁর সঙ্গে আরডিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড. আনোয়ার হোসেন ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট শেয়ার মালিকরা রাস্তার জন্য নির্ধারিত জায়গা না রেখেই একতলা ভবন নির্মাণ করেছেন। এতে এলাকার চলাচলের পথ সংকুচিত হয়েছে এবং ভবিষ্যতে তীব্র জনদুর্ভোগের আশঙ্কা সৃষ্টি হয়েছে।

পরিদর্শনকালে আরডিএ চেয়ারম্যান অভিযোগের বিষয়ে অভিযুক্ত ড. আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

পরিদর্শন শেষে মো. আবুল কালাম আজাদ সুইট বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, রাস্তার নির্ধারিত জায়গা সংরক্ষণ নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

জেএইচআর