মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পানিতে ডুবে রাইসা (২) ও রাবেয়া (৩) নামে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনও পানিতে তলিয়ে যায় বলে পরিবারের সদস্যদের ধারণা। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দুপুরে উপজেলার মৌশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বাড়ির আঙিনায় খেলছিল রাইসা ও রাবেয়া। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের পানিভর্তি জলাশয়ের দিকে চলে যায়। প্রথমে ছোট্ট রাইসা পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করে বড় বোন রাবেয়া। কিন্তু সেও পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় জলাশয় থেকে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
দুই শিশুর নিথর দেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে শোক নেমে আসে পুরো গ্রামে। প্রতিবেশীরাও এ ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন।
খবর পেয়ে বৃষ্টিকে উপেক্ষা করে ঘটনাস্থলে ছুটে যান মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি। তিনি শোকসন্তপ্ত দুই পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন।
ইউএনও বেদবতী মিস্ত্রি বলেন, একসঙ্গে দুই শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হবে।
একই কাফনে মোড়ানো দুই শিশুর নিথর দেহ আর স্বজনদের বুকফাটা কান্না মৌশা গ্রামের মানুষকে স্তব্ধ করে দিয়েছে। ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও প্রাণ হারানোর এই ঘটনা দীর্ঘদিন এলাকার মানুষের মনে বেদনার স্মৃতি হয়ে থাকবে।
জেএইচআর