ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত ৪টি বাল্কহেড জাহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানাকৃত জাহাজগুলোর মধ্যে হানিফের মালিকানাধীন ২টি, রহিমের ১টি এবং তুহিনের ১টি বাল্কহেড জাহাজ রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৪টি অবৈধ বাল্কহেড জাহাজকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জেএইচআর