ফুটপাতে গড়ে তোলা আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৫:৩১ পিএম

ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের ফুটপাত দখল করে গড়ে তোলা নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে দ্বিতীয় দফার উচ্ছেদ অভিযানে এস্কেভেটর দিয়ে এই অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক।

এর আগে সোমবার প্রথম দফার অভিযানে ছাগলনাইয়া বাজারের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও ভবনটি অক্ষত থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই নিয়ে সমালোচনা হয় এবং ভবনটির বৈধতা ও লিজ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে।

সরেজমিনে দেখা যায়, ছাগলনাইয়া বাজারে রাস্তার উভয় পাশে ও ফুটপাত দখল করে বিভিন্ন অস্থায়ী এবং স্থায়ী অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনার কারণে বাজার এলাকায় প্রায়ই যানজট লেগেই থাকে এবং মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অনেক সময় পথচারীরা রাস্তা ছেড়ে ফুটপাত দিয়ে চলাচল করতে বাধ্য হন, যা দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দেয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক জানান, ফুটপাত, সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা অপসারণে পৌর প্রশাসনের অভিযান চলমান থাকবে। শহরের সৌন্দর্য বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন তিনি।

জেএইচআর