মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের ছোটতলা মাঠে শত্রুতাবশত দুই কৃষকের কলাগাছ ও ধানের চারা কেটে তছনছ করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা হানা দিয়ে এক কৃষকের এক বিঘা জমির শতাধিক কলাগাছ এবং অপর কৃষকের রোপণের জন্য তৈরি করা ধানের চারা কেটে তছনছ করে দেয়। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত কৃষক সূত্রে জানা যায়, শালিকা গ্রামের কৃষক লালচাঁদ তাঁর এক বিঘা জমিতে সবরি কলাগাছ রোপণ করেছিলেন। গাছগুলো বড় হতে শুরু করেছিল। এছাড়া একই মাঠের কৃষক তুষার দেড় কাঠা জমিতে ধানের চারা (বীজতলা) তৈরি করেছিলেন, যা দিয়ে শনিবার তিন বিঘার বেশি জমিতে ধান রোপণ করার কথা ছিল।
বৃহস্পতিবার সকালে কৃষক তুষার নিজের ধানক্ষেতে যাওয়ার পথে হঠাৎ দেখতে পান লালচাঁদের কলাগাছগুলো সারিবদ্ধভাবে কেটে ফেলে রাখা হয়েছে। এ দৃশ্য দেখে শঙ্কিত হয়ে তিনি দ্রুত নিজের জমির দিকে যান এবং দেখতে পান তাঁর স্বপ্নের ধানের চারাগুলোও কেটে তছনছ করে দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক লালচাঁদ জানান, "আমার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল। এভাবে গাছগুলো কেটে ফেলায় আমি নিঃস্ব হয়ে গেলাম।"
অন্যদিকে কৃষক তুষার বলেন, "শনিবার থেকেই আমার এই চারা দিয়ে তিন বিঘার বেশি জমিতে ধান লাগানোর কথা ছিল। এক বছরের জন্য ৩৮ হাজার টাকায় জমি লিজ নিয়ে এই চাষ করেছি। এখন চারা হারিয়ে আমার প্রায় এক লাখ টাকার সমপরিমাণ ক্ষতি হয়ে গেল। আমি এখন কী করব বুঝতে পারছি না।"
মাঠের ফসল এভাবে কেটে তছনছ করার ঘটনায় শালিকা গ্রামের সাধারণ কৃষকদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সদর থানা পুলিশকে অবহিত করার প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন।
এএন