বাণিজ্যমন্ত্রী

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০২:৩২ পিএম

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানির দাম আবারও বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি জানান, গত কয়েক সপ্তাহে জ্বালানির মূল্য তুলনামূলক কম ছিল। বর্তমানে কিছুটা বৃদ্ধি পেলেও নতুন করে দাম বাড়ানোর বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা শিবির, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এ সিদ্ধান্তের ফলে আগের শুল্ক পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার কোনো বাস্তব পরিবর্তন ঘটেনি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আগের নীতির নির্ধারিত সময় শেষ হওয়ায় দেশটির নিজস্ব আইন অনুযায়ী একই হারে শুল্ক বহাল রাখা হয়েছে। তবে এটি নতুন নামে কার্যকর হবে। ফলে নতুন শুল্ক আরোপ হলেও বাস্তবে এর কোনো পরিবর্তন হয়নি।

এদিকে, দিনব্যাপী চিকিৎসা শিবিরে প্রায় ১০০ জন চা-শ্রমিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। বিনা খরচে স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চা-শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম জি