গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পোনা এলাকায় একটি দ্রুতগামী গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
জেএইচআর