ফেনীর সোনাগাজীতে বিভিন্ন সড়কের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সোনাগাজী-কুঠিরহাট সড়কের সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত ৭ কোটি ৭০ লাখ ১৮ হাজার ৫৯০ টাকা ব্যয়ে সোনাগাজী-কুঠিরহাট সড়কের নির্মাণ ও উন্নয়নকাজ শুরু হয়েছে। এসব নির্মাণকাজে বিন্দুমাত্র অবহেলা সহ্য করা হবে না।
তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার জোর তাগিদ দেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সোনাগাজী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজানা হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, বগাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এএন