চলতি বছরের ১১ আগস্ট থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণ করা যাবে। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের অনুমতি-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে চলতি মাসের ৩১ জুলাই কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা থাকলেও মাছের প্রজনন কার্যক্রম আশানুরূপ না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত হ্রদে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ থাকবে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখার ব্যবস্থাপক কমান্ডার (নৌবাহিনী) মো. ফয়েজ আল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মাছের প্রাকৃতিক প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকার কথা ছিল।
রাঙামাটির মৎস্য ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি এবং মাছের বংশবৃদ্ধির বিষয়টি বিবেচনা করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকার ও মৎস্য আহরণের সঙ্গে জড়িত সবাই উপকৃত হবে।
এএন