ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪০

এম.আর. সোহেল, ভৈরব (কিশোরগঞ্জ) প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৬:১০ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া (৩০) মিরারচর গ্রামের আবদুল ওহাবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকবরনগর ও মিরারচর গ্রামের মধ্যে একটি স্থানীয় বাজারের নামকরণ নিয়ে দীর্ঘ ৩১ বছর ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে এর আগেও একাধিকবার দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে।

সোমবার সকালে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের টেঁটার আঘাতে মিরারচর গ্রামের মাসুদ মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে আহত অন্তত ৪০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভৈরব থানার পরিদর্শক লিমন বোস দৈনিক আমার সংবাদকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাজারের স্থায়ী নামকরণ নিয়ে দীর্ঘদিনের এই বিরোধের কারণে এর আগেও সংঘর্ষ, টেঁটা যুদ্ধ, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২০২৩ সালের ১০ জুলাই ও ১২ আগস্ট দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে সংঘর্ষের সময় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক ও রেলপথও বন্ধ হয়ে যায়। এতে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয় সচেতন মহলের দাবি, বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ দ্রুত সমাধান করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এম জি