বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি মাস নভেম্বরের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় হিসেবে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে ৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, নভেম্বরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার, ৯ থেকে ১৫ নভেম্বর ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার, ২ থেকে ৮ নভেম্বর ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার এবং নভেম্বরের প্রথম দিন প্রবাসীরা পাঠিয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে, গত অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আর আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স আসে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি এনেছে। হুন্ডি বন্ধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিট্যান্সের প্রবাহ এখন ভালো অবস্থায় রয়েছে। মাসের বাকি সময় একইভাবে রেমিট্যান্স আসলে নভেম্বর শেষে এ আয় তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
ইএইচ