সর্বোচ্চ রেমিট্যান্স আহরণে শীর্ষস্থান দখল করল ইসলামী ব্যাংক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:৫০ পিএম

২০২৪-২০২৫ অর্থবছরে সর্বোচ্চ বৈদেশিক আয় (রেমিট্যান্স) আহরণকারী প্রতিষ্ঠান হিসেবে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ প্রথম স্থান অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত এই সম্মাননা ব্যাংকের ধারাবাহিক সাফল্যের এক নতুন মাইলফলক।

বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। 

সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের হাত থেকে পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোতাহার হোসাইন মোল্লা এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। প্রবাসী কর্মীদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে এনে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইসলামী ব্যাংককে এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহক সেবা ও প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে প্রবাসীদের আস্থা অর্জনে ইসলামী ব্যাংক সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এই অর্জন ভবিষ্যতে প্রবাসীদের আরও উন্নত সেবা প্রদানে অনুপ্রেরণা জোগাবে।

ইএইচ