কর্পোরেট সুশাসনে অসামান্য উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে টানা নবমবারের মতো মর্যাদাপূর্ণ ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত ২০২৪ সালের এই প্রতিযোগিতায় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ড অ্যাওয়ার্ড’ জিতেছে ব্যাংকটি।
বুধবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খানের হাতে এই পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদসহ ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্সের কারণে ব্র্যাক ব্যাংক এই মাইলফলক স্পর্শ করেছে। বর্তমানে দেশীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মার্কেট ক্যাপিটালাইজেশন এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে রয়েছে এই ব্যাংকটি। এছাড়া মূল্যবোধভিত্তিক ও টেকসই ব্যাংকিং কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেও ব্যাংকটি সমাদৃত।
এই অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, সুশাসন ও নৈতিকতা আমাদের ব্যবসার মূল ভিত্তি। আইসিএমএবি-এর এই ধারাবাহিক স্বীকৃতি আমাদের স্বচ্ছতার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। এই সম্মাননা আমাদের ভবিষ্যতে আরও শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স নিশ্চিত করতে এবং গ্রাহকদের আস্থা অর্জনে অনুপ্রাণিত করবে।
জেএইচআর