নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে দেশের পণ্য প্রদর্শনীর সব চেয়ে বড় আসর ‘৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)–২০২৬’। পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এই মেলা চলবে।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিশ্চিত করেছে যে, উদ্বোধনী দিন সকাল ১০টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ আয়োজনে এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’। এই প্রাঙ্গণটি সাজানো হয়েছে দর্শনার্থীদের কাছে দেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে।
এছাড়া মেলা প্রাঙ্গণে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। এখন পর্যন্ত ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ইপিবি।
মেলায় দর্শনার্থীদের যাতায়াত ও প্রবেশের সুবিধার্থে আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে থাকছে অনলাইন বা ই-টিকিটিং সুবিধা। এবার সাধারণ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। পরিবারের সঙ্গে আসা শিশুদের বিনোদনের জন্য মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে দুটি বিশেষ শিশুপার্ক।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, মেলার নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে ইতিপূর্বে বিভিন্ন মহলে আলোচনা হলেও শেষ পর্যন্ত ঐতিহ্য বজায় রেখে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ নামেই এটি আয়োজিত হচ্ছে। দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে পুলিশ ও বিজিবির বিশেষ টিম মোতায়েন করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইএইচ