নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের রান্নাঘরের খরচে বাড়তি চাপ সৃষ্টি করে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্য ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকেই এই দাম কার্যকর হবে।
গত ডিসেম্বর মাসে এর দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। ৫৩ টাকা বৃদ্ধির ফলে বর্তমানে এর দাম দাঁড়ালো ১ হাজার ৩০৬ টাকা।
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বাড়ানো হয়েছে। বর্তমানে অটোগ্যাসের নতুন দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৯ টাকা ৮০ পয়সা।
উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বর মাসেও এলপি গ্যাসের দাম ১২ কেজি প্রতি ৩৮ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধির অজুহাতে টানা দ্বিতীয় মাসের মতো এই মূল্যবৃদ্ধি কার্যকর করলো কমিশন।
জেএইচআর