রোজায় সংকট ঠেকাতে আসবে পৌনে ৩ কোটি লিটার সয়াবিন তেল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:১৭ পিএম

আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে কানাডার একটি প্রতিষ্ঠান থেকে এই তেল কেনা হবে।

বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

আমদানি ব্যয় ও দর কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস ইনকর্পোরেটেডের কাছ থেকে এই তেল কিনতে সরকারের মোট ব্যয় হবে ৩৫৭ কোটি ৬২ হাজার ১০০ টাকা। দুই লিটারের পেট বোতলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতি লিটার তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৯ পয়সা।

তবে টিসিবির গুদাম পর্যন্ত পৌঁছাতে আনুষঙ্গিক খরচসহ প্রতি লিটারের মূল্য দাঁড়াবে ১৬৩ টাকা ৬ পয়সা। বাজার মূল্য অনুযায়ী এই তেল বিক্রি করা হবে বলে এতে সরকারের কোনো ভর্তুকির প্রয়োজন হবে না।

পূর্ববর্তী আমদানির তথ্য এর আগে গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত অন্য এক বৈঠকে থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠান থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। তখন সব খরচসহ প্রতি লিটারের মূল্য ধরা হয়েছিল ১৬২ টাকা ৬৩ পয়সা।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজার থেকে তেলের এই সরবরাহ দ্রুত নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের জন্য রমজানে ভোজ্যতেলের বাজারে স্বস্তি বজায় রাখা সম্ভব হবে।

জেএইচআর