নির্বাচন-গণভোট, যে দুদিন বন্ধ সব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। 

রোববার বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্ত জানিয়েছে। এ সময় ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে এবং ব্যাংক কর্মকর্তারা ছুটিতে থাকবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার সরকারি ছুটি ঘোষণা করায় ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে গত ২৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দুই দিন সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের ভোট দেওয়ার সুবিধার্থে এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ভোটের দিন ও তার আগের দিন অর্থাৎ ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে। 

এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে টানা চার দিনের ছুটির কবলে পড়ছে দেশের ব্যাংক খাতসহ সরকারি সব প্রতিষ্ঠান।

ইএইচ