আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের তারিখ চূড়ান্ত করেছে সরকার। আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে। এদিন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহেই বাজেট উপস্থাপন করা হলেও এবার তা পিছিয়েছে। কারণ, ওই সময়ে কোরবানির ঈদের ছুটি থাকায় দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবসকে বেছে নেওয়া হয়েছে।
এবারের বাজেটের আকার এখনও নির্ধারিত হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন খাতের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রস্তাব চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, সবার মতামত বিবেচনায় নিয়ে বাজেটের কাঠামো নির্ধারণ করা হবে এবং নির্ধারিত দিনেই তা সংসদে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, গত অর্থবছরে সংসদ অধিবেশন না থাকায় বাংলাদেশ টেলিভিশন-এর মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। সে সময় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন।
সব মিলিয়ে, নতুন সরকারের অধীনে আসন্ন বাজেটকে ঘিরে আগ্রহ ও প্রত্যাশা দুটিই বাড়ছে।
এএন