আগামী অর্থবছর থেকে সারা বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ থাকবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। বর্তমানে আয়কর দিবস ৩০ নভেম্বর হলেও আগামীতে এ ধরনের কোনো নির্দিষ্ট দিবস থাকবে না।
মঙ্গলবার এনবিআরের প্রাক-বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর রিটার্ন দাখিলে আমরা চারটি প্রান্ত নির্ধারণ করে দেব। যেসব করদাতা প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিল করবেন তাদের জন্য করছাড় সুবিধা থাকবে। দ্বিতীয় প্রান্তিকে যারা রিটার্ন দাখিল করবেন তারা নিয়মিত করদাতা হিসেবে বিবেচিত হবেন। তবে তৃতীয় ও শেষ প্রান্তিকে রিটার্ন দাখিলকারীদের কিছুটা বেশি ট্যাক্স দিতে হবে। এখন করদাতারাই সিদ্ধান্ত নেবেন তিনি কোন সময়ে রিটার্ন দাখিল করবেন।
চলতি আয়কর বর্ষে রিটার্ন দাখিলের আজই শেষ দিন উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত ৪২ লাখ মানুষ আয়কর রিটার্ন জমা দিয়েছেন। ইতোমধ্যে প্রায় ২০ হাজার করদাতা সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন। অনলাইনে সময়ের আবেদন বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর অঞ্চলের কর্মকর্তা ৯০ দিন পর্যন্ত সময় মঞ্জুর করতে পারেন। সে অনুযায়ী আবেদন অনুমোদন হলে আগামী ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, সুশাসন নিশ্চিত করা গেলে রাজস্ব বাড়বে এবং এজন্য লিকেজ দূর করা হবে। বর্তমানে কর ফাঁকিবাজদের চিহ্নিত করার কাজ চলছে। গত বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ২৮ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে বলেও তিনি সভায় উল্লেখ করেন।
জেএইচআর