দেশের স্বর্ণবাজারে হঠাৎ করেই বড় ধরনের দামের পতন ঘটেছে। মাত্র একদিন আগেই দাম বাড়ানোর পর এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করা হয়, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
স্বর্ণের দামে এমন দ্রুত ওঠানামা ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে দোলাচল তৈরি করেছে। বিশেষ করে যারা সাম্প্রতিক সময়ে বেশি দামে স্বর্ণ কিনেছেন, তাদের জন্য এই পতন কিছুটা ধাক্কা হিসেবেই দেখা দিচ্ছে।
এএন