অর্থমন্ত্রী 

সম্ভাবনাময় রপ্তানি খাতকে সুযোগ-সুবিধা দেবো

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০২:৫২ পিএম

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মতো সুযোগ-সুবিধা দেবো। বন্ড সুবিধাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি একথা বলেন। সভাটির আয়োজন করে এনবিআর ও এফবিসিসিআই।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো বেসরকারি খাত, তাই তাদের সমস্যাগুলো সমাধানে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে তৈরি পোশাক খাত ভালো অবস্থানে থাকলেও অন্যান্য রপ্তানি খাত কেন পিছিয়ে রয়েছে তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে তিনি বলেন, বড় ব্যবসায়ীরা মূলধন সংকটে ভুগছেন, এ বিষয়টি তিনি আইএফএম এবং বিশ্বব্যাংককে জানিয়েছেন।

ব্যবসা-বাণিজ্য সহজ করতে ‘ব্যবসা করার পরিবেশ উন্নয়ন’ বিষয়ে কাজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোকে পোশাক শিল্পের মতোই সমান সুযোগ-সুবিধা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনায় যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করতে সরকার কাজ করছে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি খাতের প্রবৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

এম জি