৬ দিনে প্রবাসীরা পাঠালেন ৭৫ কোটি ডলার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:০১ পিএম

চলতি মে মাসের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ৬ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬০ শতাংশ বেশি।

এর আগে, চলতি বছরের মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এছাড়া এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

গত ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

এ ছাড়া, গত ডিসেম্বরে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।

অন্যদিকে, আগস্ট মাসে দেশে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের নতুন রেকর্ড।

এম জি