১২২ কোটি টাকা ব্যয়ে র‌্যাবের জন্য কেনা হচ্ছে ১৬৩ গাড়ি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:১৭ পিএম


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আভিযানিক সক্ষমতা বাড়াতে ১৬৩টি নতুন যানবাহন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব যানবাহনের মধ্যে রয়েছে ৩টি জিপ, ১০০টি টহল পিকআপ ও ৬০টি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস। দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে যানবাহনগুলো সংগ্রহ করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে যানবাহন কেনার এই প্রস্তাব উপস্থাপন করা হয়। পর্যালোচনা শেষে মন্ত্রিসভা কমিটি এতে সম্মতি দেয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে যানবাহনগুলো সংগ্রহ করা হবে। 
এর আগে গত ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাব নীতিগত অনুমোদন পায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল অর্থ বিভাগের জারি করা পরিপত্রে সব ধরনের যানবাহন কেনা স্থগিত রাখা হলেও দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও র‍্যাবের কার্যক্রম জোরদারের প্রয়োজন বিবেচনায় বিশেষ অনুমোদনের জন্য প্রস্তাবটি উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটির জন্য ১৬০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এম জি