দেশের ৫৪টি জেলায় নতুন ডিলার নিয়োগ দেবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
টিসিবির অতিরিক্ত পরিচালক (সিএমএস ও বিওবি) মো. আনিছুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ মে থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে ২৫ মে পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি, ডাকযোগে কিংবা কুরিয়ার মাধ্যমে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি হিসেবে ৫ হাজার টাকা (অফেরতযোগ্য) এক-পে (Ekpay) সিস্টেমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
টিসিবির তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের মোট ৫৪টি জেলায় ডিলার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা। পাশাপাশি কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, যশোর, বগুড়া, পাবনা, দিনাজপুরসহ বিভিন্ন জেলায়ও ডিলার নিয়োগ দেওয়া হবে।
সংস্থাটি জানিয়েছে, প্রতিটি জেলার সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন ও নির্ধারিত ওয়ার্ডে যেখানে ডিলার শূন্য রয়েছে, সেখানে পর্যায়ক্রমে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য টিসিবির অফিসিয়াল ওয়েবসাইট www.tcb.gov.bd
থেকে জানা যাবে।
টিসিবি আরও জানায়, স্থানীয় পর্যায়ে পণ্য বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে এই ডিলার নিয়োগ কার্যক্রম নেওয়া হয়েছে।
এএন