জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০২:১৩ এএম

জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার ১৪ মে স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে এ সমঝোতা স্মারক সই হয়।

যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ যখন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চ্যালেঞ্জের মুখে, তখন এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি জ্বালানির উৎস বহুমুখীকরণ, সাশ্রয়ী মূল্য নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থার স্থায়িত্ব বজায় রাখতে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তা করবে।

এই সমঝোতার আওতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় শক্তি ও জৈবশক্তি খাতে সহযোগিতা বাড়বে। পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানি করতে পারবে।

স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই সমঝোতা স্মারককে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগে সমর্থনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এই সমঝোতাকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি