দেশের ভেতরের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং তেলের বাজারে দাম স্থিতিশীল রাখতে বিমান চলাচলে ব্যবহৃত জেট জ্বালানি রপ্তানি ও বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।
সোমবার (১ জুন) ক্রেমলিন প্রশাসন এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায়। নির্দেশনা অনুযায়ী, এই নিষেধাজ্ঞা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, আন্তর্জাতিক পণ্য বিনিময় ব্যবস্থার মাধ্যমে কমোডিটি এক্সচেঞ্জ থেকে কেনা জেট জ্বালানির ক্ষেত্রেও একই বিধিনিষেধ প্রযোজ্য হবে। কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হলো দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা।
তবে এই নিষেধাজ্ঞার আওতায় কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আগেই সম্পন্ন হওয়া শুল্ক প্রক্রিয়ার আওতাভুক্ত চালান এবং বিভিন্ন দেশের সঙ্গে করা দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে সরবরাহকৃত জ্বালানি।
রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসেও একই ধরনের একটি পদক্ষেপ নেওয়া হয়েছিল। তখন অভ্যন্তরীণ উৎপাদিত পেট্রোল রপ্তানির ওপর ৩১ জুলাই পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যাতে দেশীয় বাজারে সরবরাহ স্বাভাবিক থাকে।
সে সময় সরকার জানিয়েছিল, ভূরাজনৈতিক উত্তেজনা ও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় এবং দেশের কৃষি মৌসুমে বাড়তি চাহিদা মোকাবিলায় জ্বালানি সংকট এড়াতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক তেল বাজার যখন চাপের মধ্যে, তখন রাশিয়া নিজ দেশের বিমান খাত ও অভ্যন্তরীণ চাহিদা সুরক্ষিত রাখতে এ ধরনের পদক্ষেপ নিয়েছে। সরকারও জানিয়েছে, জনগণের স্বার্থে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল রাখতে এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এম জি