চট্টগ্রামের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতারা জ্বালানি সাশ্রয়ের বর্তমান নির্দেশনা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তারা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল খোলা রাখার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চালুর প্রস্তাব দেন।
বৃহস্পতিবার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। ব্যবসায়ীদের মতে, সন্ধ্যার পর ক্রেতা সমাগম বেশি হওয়ায় রাত ৭টায় মার্কেট বন্ধ করতে গিয়ে বিক্রি কমে যাচ্ছে এবং তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া ব্যবসায়ীরা বর্তমান ভ্যাট ব্যবস্থার পরিবর্তে প্যাকেজভিত্তিক ভ্যাট চালুরও দাবি জানান।
উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সরকার ১ জুন থেকে আবারও শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করেছে। একই সঙ্গে বিলবোর্ডের আলো এবং বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সীমা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এম জি